শ্রীপুরে মুক্তিপণের জন্য কারখানার কর্মকর্তা অপহরণ, গ্রেফতার -৫

গাজীপুরের শ্রীপুরে ডিবিএল গ্রুপের জিন্নাত নিটওয়্যার লিমিটেড নামক তৈরি পোশাক কারখানার তিন কর্মকর্তাকে মুক্তিপণের দাবিতে তুলে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে । এসময় তাদের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবি করে চিহ্নিত সন্ত্রাসীরা। খবর পেয়ে কারখানা কতৃপক্ষ পুলিশের সহযোগিতা নিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক। পুলিশ রাতভর অভিযান পরিচালনা করে চাঁদাবাজ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। তবে ধরাছোঁয়ার বাইরে রয়েছে মূলহোতা ইমন।
গতকাল বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়ন ধনুয়া গ্রামের জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। আহতরা সবাই ওই কারখানার কর্মকর্তা।
অপহরণের শিকার হলেন জিন্নাত নিটওয়্যার কারখানার কাটিং সেকশনের অফিসার নিশাদ (৩৫), মিঠুন (৩২)ও অরুপ কুমার (৩৮)।
গ্রেপ্তারকৃতরা হলেন, শাহীন আলম(২৬), নয়ন মিয়া(৩৪), রবিন (৩০) দুলাল মিয়া (৩৩) ও মাহাবুব হোসেন (৩০) তাদের সবার বাড়ি শ্রীপুর উপজেলার ধনুয়া গ্রামে। তারা সবাই চিহ্নিত অপরাধ চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজী, ছিনতাই,জমি দখল সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
গাজীপুর ইউনিয়ন বিএনপি আহবায়ক মো. এনামুল হক মনি বলেন, রাতে খবর পেয়ে কারখানার কয়েকজন পুলিশ সদস্যদের সঙ্গে অভিযুক্ত চিহ্নিত সন্ত্রাসী ইমনের বাড়ির পাশ থেকে কারখানার তিন কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে এলোপাতাড়ি ভাবে কোপানো হয়েছে। এই চক্রের সদস্যদের মধ্যে দুজন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। তিনি আরও জানান, তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কারখানার সামনের দোকানী মনিরুল ইসলাম বলেন, আনুমানিক রাত ১০ টার দিকে কারখানার তিন অফিসার চায়ের স্টলে আসে। এসময় হঠাৎ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তিনজনকে মারধর করে তুলে নিয়ে যায়। ডাক চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে সবাইকে ভয়ভীতি হুমকি দিয়ে তাদের নিয়ে যায়।
জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানার এইচআর এডমিন মাহামুদুল হুদা বলেন, রাতে কারখানার তিন কর্মকর্তা প্রধান ফটকের সামনে চা নাস্তা খেতে যায়। এসময় বেশ কয়েকজন এসে তাদের তুলে নিয়ে যায়। আমরা খবর পেয়ে সাথে সাথে পুলিশের সঙ্গে যোগাযোগ করি। তিনঘণ্টা খোঁজাখুজি করে পায়নি। পরবর্তীতে চিহ্নিত সন্ত্রাসী ইমনের বাড়ির পাশে তাদের রক্তাক্ত অবস্থায় তাদের পাওয়া যায়। এরপর তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাদের অবস্থা খুবই আশংকাজনক।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করে তিনজনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে মারাত্মক ভাবে কোপানো হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে হাত-পা সহ সমস্ত শরীরে প্রচুর আঘাত করে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক।
তিনি জানান, রাতভর অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক রয়েছে চক্রের মূলহোতাসহ তিন সদস্য। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এবিষয়ে মামলা রুজু হয়েছে।
ভোরের আকাশ/এনএস