ঠাকুরগাঁও পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

“গাছ লাগান, পরিবেশ বাঁচান”এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও পৌর বিএনপির উদ্যোগে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন স্থানে এ কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁও পৌর বিএনপি পর্যায়ক্রমে ২ হাজার বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে বুধবার (১ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি বাজার সংলগ্ন এলাকা অয়াবদায় বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির মাধ্যমে শহরের বিভিন্ন স্থানে আরও বৃক্ষরোপণ ও পরিচর্যা করা হবে বলে জানান নেতৃবৃন্দ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান, জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক কামাল হোসেন, সাবেক কাউন্সিলর আতাউর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মুন্না,এবং ছাত্রনেতা মো. কায়েসসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। আগামী দিনগুলোতে পৌর এলাকার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বিভিন্ন গাছ রোপণ ও পরিচর্যা করা হবে।
ঠাকুরগাঁও পৌর বিএনপির নেতারা জানান, ২ হাজার বৃক্ষরোপণের এ কর্মসূচির মাধ্যমে শহরের পরিবেশ আরও সুন্দর ও সবুজ করার লক্ষ্য রয়েছে।
ভোরের আকাশ/ র.ই