কুড়িগ্রামে সিল-স্বাক্ষর জালিয়াতি
কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ দিনের দণ্ড

কুড়িগ্রামের চিলমারীতে জমির জাল কাগজপত্র তৈরি এবং বিভিন্ন সরকারি কর্মকর্তার সিল-স্বাক্ষর জাল করে সংরক্ষণের অভিযোগে এক কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আবু সাইদ হোসেন লাভলু (২৮)। তিনি উপজেলার শরিফেরহাট খন্দকারপাড়া এলাকার মৃত জহরত আলীর ছেলে।
জানা গেছে, উপজেলা ভূমি অফিস সংলগ্ন এলাকায় কম্পিউটারের ব্যবসার আড়ালে আবু সাইদ দীর্ঘদিন ধরে অবৈধভাবে এসএ, আরএস ও সিএস খতিয়ানসহ বিভিন্ন ধরনের ভূমি সংক্রান্ত কাগজপত্র জালিয়াতির মাধ্যমে তৈরি করে আসছিলেন।
সম্প্রতি এক কৃষক নামজারির আবেদন করতে গিয়ে সহকারী কমিশনারের (ভূমি) কাছে একটি খতিয়ান জমা দেন। খতিয়ানটি দেখে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি খতিয়ানটি কোথা থেকে সংগ্রহ করেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য দিলে বিষয়টি তদন্তে আসে।
এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে আবু সাইদের কম্পিউটার দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় বিভিন্ন জাল খতিয়ান, সরকারি কর্মকর্তাদের ব্যবহৃত সিল এবং জাল সিল তৈরির উপকরণ এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়।
অভিযানের সময় প্রমাণসহ আটক হওয়ার পর আবু সাইদ অভিযোগের বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান বলেন, আবু সাইদ দীর্ঘদিন ধরে অবৈধভাবে এসএ, আরএস ও সিএস খতিয়ানসহ বিভিন্ন ধরনের ভূমি সংক্রান্ত কাগজপত্র তৈরি করে তাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জাল সিল ও স্বাক্ষর ব্যবহার করে আসছিলেন।
অভিযোগের সত্যতা ও অপরাধ প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী তাকে দণ্ড দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/ র.ই