সিরাজগঞ্জে হাসনাত আব্দুল্লাহ
বাংলাদেশের মুক্তিকামী জনতা চাঁদাবাজদের থেকে মুক্তি চায়

এনসিপির দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশের এই মুক্তিকামী জনতা চাঁদাবাজদের থেকে মুক্তি চায়। এবারের নির্বাচন শুধু নির্বাচন নয়, আগামীর বাংলাদেশ কোন পথে যাবে, আগামী ১০০ বছর বাংলাদেশের মানুষের ললাটে কেমন ধরনের রাষ্ট্র কাঠামো নির্মিত হবে, প্রশাসন কেমন হবে, পুলিশের আচরণ কেমন হবে, বিচার বিভাগ কেমন হবে তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে।
আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে এনসিপি মনোনীত প্রার্থীর সমর্থনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি একথাগুলো বলেন।
তিনি আরও বলেন, বিগত তিনটি নির্বাচনে এসপির জন্য বরাদ্দ রাখতে হতো, ওসিকে খাম পাঠাতে হতো, এস আইকে টাকা দিতে হতো, ভোটের আগের রাতে কনষ্টেবলকে খাম পাঠাতে হতো। এবার যদি কালো টাকা স্পর্শ করেন, ভোট ডাকাতির চেষ্টা করেন, জনগণের ভাগ্যকে নিয়ে খেলেন, আপনারা পালানোর জায়গা পাবেন না।
জনসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপি প্রার্থী সাইফ মুস্তাফিজ।
ভোরের আকাশ/আ.র