চাঁদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নেতার মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এসে মো. সেলিম মাঝি (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে অথবা হঠাৎ অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার ফরিদগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এ ঘটনা ঘটে।
নিহত সেলিম মাঝি ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার গজারিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে।
দলীয় সূত্র জানায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিতে সেলিম মাঝি সেখানে উপস্থিত হন। সভা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সেলিম মাঝির আকস্মিক মৃত্যুতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও দলীয় নেতাকর্মীরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে সেলিম মাঝির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদ। তিনি মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, দলের পক্ষ থেকে সবসময় তাঁর পরিবারের পাশে থাকার চেষ্টা করা হবে।
ভোরের আকাশ/জেআ