বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, ইয়াবা-গাঁজাসহ আটক ৮

বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। এ সময় ১০৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১ লাখ ৩৯ হাজার ৮০০ টাকা ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইনের নেতৃত্বে কাউনিয়া থানার একটি বিশেষ আভিযানিক দল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে প্রায় তিন ঘণ্টা নগরীর পলাশপুর, মোহাম্মদপুর, আল মাদানী সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানে বিভিন্ন স্থান থেকে মোট আটজন অভিযুক্তকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন বলে জানানো হয়েছে।
অভিযানে আরও অংশ নেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) আনিসুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা) পবিত্র কুমার হালদার, হরসিত চন্দ্র নাথসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
ভোরের আকাশ/জেআ