খুলনায় বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

খুলনা মহানগরীতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে একটি রিভলবার ও ৪১ রাউন্ড তাজা গুলিসহ শীর্ষ সন্ত্রাসী 'রফিক বাহিনী'র দুই সক্রিয় সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কেএমপির সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম ও খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. সালাউদ্দিন আহমেদ (২৯) ও আবিদ হাসান রানা (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল লবণচরা থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের মধ্য হরিণটানা এলাকায় অভিযান চালায়। সকাল পৌনে ৭টার দিকে আবিদ হাসান রানার বাসার শয়নকক্ষের বিছানার নিচে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে একটি রিভলবার, একটি রিভলবারের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ এবং ২৪টি শর্টগানের তাজা কার্তুজ।
সদর থানার এসআই জামাল উদ্দিন জানান, শুক্রবার ২৫ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে টুটপাড়া সার্কুলার রোড থেকে প্রথমে সালাউদ্দিন আহমেদকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রানার শয়ন কক্ষের বিছানার নিচ থেকে একটি রিভলবর, একটি রিভলবরের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ এবং ২৪টি শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন সন্ত্রাসী গ্রুপকে অস্ত্র যোগান দিয়ে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে লবণচরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভোরের আকাশ/এসএইচ