বৈঠার ছন্দে মুখর কালীগঙ্গা, নৌকাবাইচে মাতল সিংগাইর

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মানিকগঞ্জের সিংগাইরে কালীগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। নদীর দুই পাড়ে হাজারো দর্শকের উপস্থিতিতে প্রতিযোগিতাটি পরিণত হয় উৎসবের মিলনমেলায়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা ১২ মিনিট পর্যন্ত উপজেলার জামশা ইউনিয়নের মাটিকাটা গোলাই-বালুরচর এলাকায় এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
দক্ষিণ মাটিকাটা গ্রামের আয়োজনে এবং স্থানীয় গোলাই, জামশা, বাস্তা, সারারিয়া, দাড়িপাড়া ও বরন্ডি গ্রামের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় সিংগাইরের বিভিন্ন এলাকা ছাড়াও ঢাকার নবাবগঞ্জ থেকে মোট ১০টি সুসজ্জিত নৌকা অংশ নেয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলোর মধ্যে ছিল—উড়িয়াবাজ, প্রবাসী, কসাইবাড়ি, একতা-২, মাসুদ রানা, ঐতিহ্য, সোনার তরী, কাইলান তুফান মেইল ও হাতনির রাজ।
নটরডেম কলেজের প্রভাষক উমর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্ত। প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন জেলা যুবদলের আহ্বায়ক সদস্য কাজী ইয়াকুব হোসেন রাজা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবির, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম, চেয়ারম্যান প্রার্থী আবদুল মজিদ, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন ও আবদুল মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পাঁচ ধাপের প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বে হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম স্থান অর্জন করে কসাইবাড়ি নৌকা। দ্বিতীয় স্থান অর্জন করে মাসুদ রানা নৌকা।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে মোটরসাইকেল এবং অন্যান্য বিজয়ী দলকে চারটি ফ্রিজ, টিভিসহ বিভিন্ন মূল্যবান পুরস্কার দেওয়া হয়।
ভোরের আকাশ/ এনউব