পঞ্চগড়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

পঞ্চগড় পৌর শহরের রাজনগর এলাকায় রেজাউল করিম রেজা (৪০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজনগর এলাকার তুলারডাঙ্গা রাস্তার পাশের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রেজাউল করিম রেজা ঠাকুরগাঁও জেলার ভেলাজান এলাকার মোস্তফা কামালের ছেলে। তিনি পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকায় বাড়ি করে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বসবাস করতেন। পাশাপাশি পঞ্চগড় সদর থানার সামনে কম্পিউটারে কম্পোজের ব্যবসা করতেন।
পুলিশ ও সিআইডি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল ও ক্রাইম সিনের কার্যক্রম শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে রেজাউল করিম রেজা রাগ করে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে স্থানীয়রা খালের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।
ভোরের আকাশ/সু.পা