বালু উত্তোলন বন্ধে ভেড়ামারায় প্রশাসনের কঠোর পদক্ষেপ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশনায় বুধবার (২৬ আগস্ট) বিকেলে টিক্কি পাড়া, মুন্সি পাড়া ও বারো মাইল এলাকার বালুমহালে লাল পতাকা পুঁতে বালু উত্তোলন, লোড-আনলোডসহ সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, বাহিরচর ইউনিয়নের উল্লেখিত এলাকার তড়িয়া মহাল সরকারি কোনো ইজারার আওতাভুক্ত নয়। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে ওই এলাকা থেকে বালু উত্তোলন ও লোড-আনলোড করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসানের নির্দেশনায় বুধবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পুরো এলাকায় মাইকিং করে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বালু উত্তোলনের স্থানগুলো চিহ্নিত করে সেখানে লাল পতাকা পুঁতে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত এবং সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।
প্রশাসনের কর্মকর্তারা জানান, লাল পতাকা দিয়ে সীমানা চিহ্নিত করার পর ওই এলাকায় যেকোনো ধরনের বালু উত্তোলন, লোড বা আনলোড সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ পুনরায় বালু উত্তোলন কিংবা লোড-আনলোডের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে প্রশাসনের তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
ভোরের আকাশ/সু.পা