রামগতি ও কমলনগরে কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

লক্ষ্মীপুর জেলাজুড়ে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে রামগতি ও কমলনগর থানা এলাকা থেকে মোট ১০০ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ৫ ঘণ্টার এ অভিযানে কমলনগর থানায় ৫৬ জন এবং রামগতি থানায় ৪৪ জনকে আটক করা হয়।
জেলার পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশে থানা ও ডিবি পুলিশ একযোগে রামগতি ও কমলনগরের বিভিন্ন অপরাধপ্রবণ এবং বখাটেদের আড্ডাস্থলে অভিযান চালায়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশ নেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তরুণ ও উঠতি বয়সের কিশোররা যেন অপরাধে জড়াতে না পারে, সে লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/ এনউব