কমলনগরে ২ কেজি ৭৫০ গ্রামের ১ ইলিশ বিক্রি হলো ১৩ হাজার টাকা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট মাছঘাটে ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে ২ কেজি ৭৫০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলে ফারুক মাঝি মাছটি বিক্রি করেন।
মতিরহাট ঘাটের আড়তদার ইব্রাহীম খোকন জানান, স্থানীয় জেলে ফারুক মাঝি এক সপ্তাহ সাগরে মাছ ধরার পর ঘাটে ফিরে প্রায় দেড় লাখ টাকার ইলিশ বিক্রি করেন। এর মধ্যে বড় ইলিশটি আলাদাভাবে ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়।
ঢাকার মাছ ব্যবসায়ী মো. বাহার মিয়া মাছটি কিনে নেন। তিনি জানান, এই মাছসহ অন্যান্য মাছ তিনি ঢাকার বাজারে নিয়ে যাবেন।
ঢাকার বাজারে মাছটির সম্ভাব্য দাম জানতে চাইলে বাহার মিয়া বলেন, 'আমরা কমপক্ষে ১ থেকে ২ হাজার লাভে বিক্রি করবো। এর পরে ঢাকার ব্যবসায়ীরা আরও এক-দুই হাজার লাভ করতে পারে। সব মিলে এ রকম বড় সাইজের এ ইলিশটি ঢাকার বাজারে প্রায় ১৬ থেকে ১৭ হাজার টাকায় বিক্রি হবে।'
তিনি আরও জানান, 'ছোট মাছে কেজি প্রতি লাভ হয় ৫০ থেকে ১০০ টাকা। কিন্তু বড় ইলিশে ভালো লাভ করা যায়।'
এদিকে স্থানীয় আড়তদার আনোয়ার জানান, নদীতে ইলিশের পরিমাণ কমে গেছে। অন্যদিকে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় জেলেদের মাছ শিকারও কঠিন হয়ে পড়েছে।
ভোরের আকাশ/ এনউব