কমলনগরে অবৈধ জাল বিরোধী অভিযানে সাংবাদিককে কোস্টগার্ডের হেনস্তা

লক্ষ্মীপুরের কমলনগরে অবৈধ রিং জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে পরিচালিত অভিযানে সংবাদ তথ্য ও ভিডিওচিত্র সংগ্রহ করতে গিয়ে কোস্টগার্ড সদস্যদের হাতে চরম হেনস্তা ও লাঞ্ছনার শিকার হয়েছেন এক স্থানীয় সংবাদকর্মী।এ ঘটনাটি ঘটে (১অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী কবির হোসেন রাকিব জাতীয় দৈনিক ‘বাংলাবাজার পত্রিকা’ ও জাতীয় দৈনিক 'স্বদেশ বিচিত্রা'পত্রিকার- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীর ওপর এমন অসৌজন্যমূলক আচরণ ও স্বাধীন সাংবাদিকতায় বাধার সৃষ্টি করায় ক্ষোভ ফুসে উঠেছে কমলনগরের গণমাধ্যমকর্মীদের মাঝে। বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত কোস্টগার্ডের সদস্যদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নদীর স্বাভাবিক মৎস্য সম্পদ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞার অংশ হিসেবে কমলনগর উপজেলার হাজিরহাট বাজার এলাকায় অবৈধ রিং জাল ও ক্ষতিকর কারেন্ট জাল জব্দের উদ্দেশ্যে বিশেষ অভিযান পরিচালনা করছিল কোস্টগার্ডের একটি টহল দল। অভিযানের খবর পেয়ে পেশাগত দায়িত্বের অংশ হিসেবে ঘটনাস্থলে যান সাংবাদিক কবির হোসেন রাকিব। তিনি তার মুঠোফোনে অভিযানের ভিডিও ও আনুষঙ্গিক তথ্য চিত্র ধারণ করছিলেন।
তথ্য সংগ্রহের একপর্যায়ে কোস্টগার্ডের কয়েকজন সদস্য তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাধা প্রদান করেন। তিনি নিজের পরিচয়পত্র প্রদর্শন ও পেশাগত পরিচয়ের কথা জানানোর পরও কোস্টগার্ড সদস্যরা তার ওপর চড়াও হন। শুধু তা-ই নয়, তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক। এ সময় তার ব্যবহৃত মুঠোফোন কেড়ে নেওয়া ও ধারণকৃত ভিডিও মুছে ফেলারও চেষ্টা চালানো হয়।
গণমাধ্যমকর্মীর ওপর এমন অনাকাঙ্ক্ষিত হেনস্তার খবর ছড়িয়ে পড়লে কমলনগরে কর্মরত সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, "অবৈধ জালের বিরুদ্ধে অভিযান একটি প্রশংসনীয় উদ্যোগ, কিন্তু সেই অভিযানের স্বচ্ছতা বজায় রাখা ও সংবাদ প্রকাশ করা সংবাদকর্মীদের নাগরিক ও পেশাগত অধিকার। কোনো ধরনের উসকানি ছাড়াই কোস্টগার্ডের মতো দায়িত্বশীল একটি বাহিনীর সদস্যদের থেকে এ জাতীয় আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
সাংবাদিক হেনস্তার এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ। তারা অবিলম্বে উক্ত ঘটনার তদন্ত কমিটি গঠন করে জড়িত কোস্টগার্ড সদস্যদের শনাক্ত করার আহ্বান জানান। একই সাথে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনি পদক্ষেপ গ্রহণ না করা হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এ বিষয়ে কোস্টগার্ডের স্থানীয় দায়িত্বরত কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাদের আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী সাংবাদিক কবির হোসেন রাকিব এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
ভোরের আকাশ/ এনউব