তেজগাঁওয়ে ৮ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অভিযান চালিয়ে ৮ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
শনিবার (১০ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের ধানমন্ডি সার্কেলের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অধিদপ্তর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন শহীদ তাজউদ্দিন আহমেদ সরণিতে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডের সামনে ফুটপাতে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন মিটন চাকমা (২৪) ও লাতো চাকমার (২৪) দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মহাপরিচালক মো. হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনা ছিল।
গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ভোরের আকাশ/ইউএম