সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যা: জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

সাংবাদিক হত্যা ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ. মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির রেজিস্ট্রেশন নম্বর ৯৫০৭৪/১৯৮২।
জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি ও মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সহসভাপতি ও ইউএনবির প্রতিনিধি অরুন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. হাসান চৌধুরী, জেলা এলডিপির সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক, বিএনপি নেতা আব্দুল করিম পাঠান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক গোলাম হোসেন অভি, জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য ও জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, জুলাইযোদ্ধা মো. জহুর আলী, হাওর বাঁচাও আন্দোলনের তাহিরপুর উপজেলা কমিটির সভাপতি ও গীতিকার মোছায়েল আহমদ, বিএনপি নেতা হেলাল আহমদ জুয়েল, জাতীয় সাংবাদিক সংস্থার সহদপ্তর সম্পাদক ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি কে এম শহিদুল ইসলাম, জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি শামছুল আলম আখঞ্জি টিটু, মানবাধিকারকর্মী মোসাদ্দেক আলী এবং কবি রেজাউল করিম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন গীতিকার আব্দুল হান্নান, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি রাজু আহমেদ রমজান, মানবাধিকারবিষয়ক সম্পাদক ও দৈনিক প্রভাতের প্রতিনিধি আনোয়ারুল হক, সহমহিলা বিষয়ক সম্পাদক তাহমিদা আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক জনতার প্রতিনিধি আফতাব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক খবরপত্রের প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহীন, দৈনিক শুভ প্রতিদিনের প্রতিনিধি প্রীতম দাস, দৈনিক আমার কাগজের প্রতিনিধি মো. তৈয়বুর রহমান, দৈনিক নববাণীর প্রতিনিধি অমিত তালুকদার, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি এরশাদুল হক, দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি সালমান ফারসী, দৈনিক শেষ সংবাদের প্রতিনিধি মো. কামাল পাশা, প্রাইম টেলিভিশনের প্রতিনিধি মো. শরিফ উদ্দিন, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আতাউর রহমান, জুলাইযোদ্ধা রহমত আলী, কবি আপন আনোয়ার ও ক্যামেরাপারসন শরীফ আহমেদসহ স্থানীয় সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জে কিছু সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমের ফেসবুক পেজে জেলার জনপ্রতিনিধি, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ও অভিযোগ প্রচার করছেন বলে তাঁদের দাবি। এর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তাঁরা।
বক্তারা আরও অভিযোগ করেন, গত ১৭ বছর এবং অন্তর্বর্তী সরকারের এক বছরের শাসনামলে একটি চক্র বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালানো, প্রশাসনিক প্রভাব বিস্তার, আর্থিক সুবিধা গ্রহণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পদ-পদবি ও সুযোগ-সুবিধা ভাগিয়ে নেওয়ার সঙ্গে জড়িত ছিল।
তাঁদের ভাষ্য, অতীতে বিভিন্ন সুবিধা ভোগ করা ওই চক্র এখন সৎ ও নিরীহ সাংবাদিকদের বিরুদ্ধে অপবাদ ও গুজব ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। এসব অভিযোগের বিষয়ে সাংবাদিক, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান বক্তারা।
প্রতিবাদ সভায় সাংবাদিকতা পেশাকে জাতীয়করণ, সরকারি বিজ্ঞাপন বণ্টনে অনিয়ম ও বৈষম্য দূরীকরণ, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, পেশাগত পরিচয় ব্যবহার করে অনৈতিক সুবিধা গ্রহণের প্রবণতা প্রতিরোধ এবং মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের ন্যূনতম পারিশ্রমিক দিতে ব্যর্থ গণমাধ্যম প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এ ছাড়া সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ. মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
ভোরের আকাশ/সু.পা