সবার আগে বাংলাদেশ না, সবার আগে বিএনপি: আখতার হোসেন

"দেশ গড়তে জুলাই জাগরণ" এই স্লোগানে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গাতেও অনুষ্ঠিত হয়েছে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা।
সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় চুয়াডাঙ্গা জেলা এনসিপির আয়োজনে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।
জেলা আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি।
প্রধান অতিথির বক্তব্যে আখতার হোসেন অভিযোগ করেন, ২০২৪ সালের আন্দোলনে জীবন দেওয়াদের হত্যাকারীদের অর্থের বিনিময়ে ছাড়িয়ে নেওয়া হচ্ছে এবং ট্রাইব্যুনাল, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠানসহ নির্বাচন কমিশনেও দলীয়করণ চলছে। দেখে মনে হচ্ছে সবার আগে বাংলাদেশ না, সবার আগে বিএনপি।
তিনি বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জুলাই আন্দোলন থেকে তৈরি হয়েছিল, বর্তমান সরকার তা ভেঙে দিচ্ছে। এ সময় তিনি চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফ কর্তৃক পাঁচজনকে পুশ-ইনের ঘটনার কথাও উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণ তারেক রহমানকে দেখে নয়, বরং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে বিবেচনায় রেখে ভোট দিয়েছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে বিএনপি এখন তা থেকে সরে এসেছে।
তিনি আরও বলেন, সামনের লড়াই দলীয় নয়, বরং ন্যায়-অন্যায়ের লড়াই, এবং জনগণকে এখানে একটি পক্ষ বেছে নিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা মিতু এমপি, যুগ্ম আহ্বায়ক ও নুসরাত তাবাসুম এমপি, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক আহসান।
আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা সদস্যসচিব আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল পারভেজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার ছোটন, মো. আলী রুশদী মজনু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার সাবেক আহ্বায়ক আসলাম অর্ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার মুখ্য সংগঠক মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় নেতারা।
উল্লেখযোগ্য বিষয় হলো, এই পথসভা থেকেই আসন্ন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় জেলা আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লবকে। আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে এনসিপির এই কর্মসূচি রাজনৈতিক মহলে বাড়তি গুরুত্ব বহন করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
ভোরের আকাশ/এম