খাগড়াছড়িতে প্রমিলা ফুটবল টুর্নামেন্টে মাইনী হাউস চ্যাম্পিয়ন

নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি নারী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বের সক্ষমতা ও ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দিতে খাগড়াছড়ির দীঘিনালায় অনুষ্ঠিত হয়েছে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট। খেলাধুলাকে সচেতনতা ও সামাজিক পরিবর্তনের মাধ্যম হিসেবে কাজে লাগিয়ে নারীর সমান অধিকার, মর্যাদা এবং সর্বক্ষেত্রে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
‘নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা বন্ধ করি, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের ১৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় দীঘিনালা উপজেলার নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে চেঙ্গী হাউস ও মাইনী হাউস নামে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের নির্ধারিত সময় গোলশূন্য ড্র হলে খেলার ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। এতে চেঙ্গী হাউসকে ১১-১০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাইনী হাউস। খেলা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকদের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন শুধু শিক্ষার্থীদের খেলাধুলার প্রতিভা বিকাশেই ভূমিকা রাখে না, বরং আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি, দলগত সহযোগিতা ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতেও সহায়ক। একই সঙ্গে সামাজিক প্রতিবন্ধকতা ও বৈষম্য অতিক্রম করে মেয়েদের শিক্ষা, ক্রীড়া ও নেতৃত্বসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের ১৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ টুর্নামেন্টে সহযোগিতা করে ‘ইকোসিস্টেম রেস্টোরেশন অ্যান্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ইন চিটাগং হিল ট্র্যাক্টস’ (ইআরআরডি-সিএইচটি) প্রকল্প। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশের সার্বিক সহযোগিতায় এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন ইআরআরডি-সিএইচটি প্রকল্পের মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অফিসার ম্রাচিং চৌধুরী, ডব্লিউজিইআইই প্রকল্পের উপজেলা এডুকেশন ফ্যাসিলিটেটর পিপি রাণী ত্রিপুরাসহ নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা।
নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতামুক্ত সমাজ প্রতিষ্ঠা, তাদের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং বৈষম্যহীনভাবে এগিয়ে যাওয়ার সমান সুযোগ সৃষ্টির বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে এ আয়োজন স্থানীয় পর্যায়ে নারী অধিকার ও ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
ভোরের আকাশ/সু.পা