বাউফলে জনসেবার মানোন্নয়নে কর্মকর্তাদের সঙ্গে সেলিমা রহমানের মতবিনিময়

পটুয়াখালীর বাউফলে সরকারি দপ্তরগুলোর কার্যক্রম পর্যালোচনা, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের বিভিন্ন -দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান এমপি।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের মিনি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালেহ আহমেদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিমা রহমান এমপি। এ ছাড়া উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্য সচিব প্রকৌশলী শোহেব বাশরি।
পটুয়াখালী জেলা বিএনপির- সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় সেলিমা রহমান সরকারি দপ্তরগুলোর চলমান উন্নয়ন কার্যক্রম, জনসেবামূলক উদ্যোগ ও দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, চলমান প্রকল্প এবং জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন বিষয় তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, সরকারি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব হলো জনগণের সেবা নিশ্চিত করা।
সাধারণ মানুষ যেন সরকারি দপ্তরে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারি সেবার মান বাড়াতে স্বচ্ছতা, জবাবদিহি ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, বাউফলের উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জনগণের চাহিদাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং জনসেবার মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
পরে বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন সেলিমা রহমান এমপি। এ সময় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়।
ভোরের আকাশ/ এনউব