গাইবান্ধায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধার ফুলছড়িতে অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ মাজহারুল ইসলাম (৪৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (১৩ জুলাই) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার।
এর আগে গত শনিবার (১২ জুলাই) রাতে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের কানিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাজহারুল ইসলাম উপজেলার উদাখালী ইউনিয়নের কানিপাড়া গ্রামের মৃত গাজিউর রহমানের ছেলে।
ডিবি পুলিশ জানান, একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার ১২ জুলাই রাতে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের কানিপাড়া নিজ বাড়ির খোলা বারান্দায় মাদক কেনাবেচার সময় পালানোর চেষ্টা করলে মাজহারুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার
করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার প্যান্টের সামনের বাম পকেটে থাকা একটি নীল রঙের জিপার প্যাকেট থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ১০ দশমিক ৫ গ্রাম।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন,'এ ঘটনায় জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে। পরে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।'
ভোরের আকাশ/র.ই