মাগুরার মঘী মাঠে বসলো ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় ও দুইদিনব্যাপী আনন্দমেলা

মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের মঘী মাঠে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা। এ উপলক্ষে মাঠ প্রাঙ্গণে আয়োজন করা হয় দুইদিনব্যাপী আনন্দমেলা। মেলা ও ঘোড়দৌড় দেখতে মঘী ইউনিয়নসহ পার্শ্ববর্তী অন্তত ১০টি গ্রামের হাজার হাজার মানুষ মাঠে ভিড় জমান। বিকাল থেকে শুরু হওয়া ঘোড়দৌড় প্রতিযোগিতায় পর্যায়ক্রমে পাঁচটি রেস অনুষ্ঠিত হয়। দুপুরের পর থেকেই নারী-পুরুষ, শিশু-কিশোর ও যুবক-যুবতীসহ নানা বয়সী মানুষের ঢল নামে মঘী মাঠে।
সত্যপুর গ্রামের ইউসুফ আলী বলেন, প্রতি বছর হেমন্ত মৌসুমে ধান কাটার পর এই মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এতে গ্রামবাসীসহ আশপাশের এলাকার মানুষ আনন্দ উপভোগ করেন এবং পরিবার-পরিজন নিয়ে উৎসবে অংশ নেন।
মঘী গ্রামের ওয়াজেদ আলী বলেন, দীর্ঘ ২২ বছর ধরে নিয়মিতভাবে মঘী মাঠে ঘোড়দৌড় ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। ঘোড়দৌড়ের পাশাপাশি দুইদিনব্যাপী মেলায় নানা ধরনের দোকান বসে, যেখানে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ কেনাকাটা করে থাকেন।
মেলার আয়োজক কমিটির সদস্য খায়রুজ্জামান সবুজ বলেন, প্রতি বছর ধান কাটার পর ঘোড়দৌড়ের পাশাপাশি বিচার গান, মঞ্চ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। এবারের ঘোড়দৌড় প্রতিযোগিতায় জেলা ও জেলার বাইরের মোট ২১টি ঘোড়া অংশ নেয়।
ঐতিহ্যবাহী মঘী ৩১তম ঘোড়দৌড় ও আনন্দমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমদ। মেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন মঘী ইউনিয়নের সাবেক সভাপতি আলতাফ হোসেন বিশ্বাস ও সাবেক সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সবুজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জাহিদুল ইসলাম।
মঘী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই মেলার সমাপনী অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার।
ভোরের আকাশ/এসএইচ