মোহনগঞ্জে আগুনে পাঁচ দোকান পুড়ে ছাই

নেত্রকোনার মোহনগঞ্জের বিরামপুর বাজারে তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার ১নং বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের বিরামপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ অগ্নিকান্ডের ঘটনায় ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এর মধ্যে রয়েছে তেল-গ্যাস সিলিন্ডার, মুদি ও কাপড়ের দোকান। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালিকরা হলেন শাহীন মিয়া, বাবলু, শহীদ, হৃদয় মিয়া ও মো. রিপন মিয়া।
পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনার মোহনগঞ্জের বিরামপুর বাজারের ব্যবসায়ী শাহীন মিয়া তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানে শুক্রবার সন্ধ্যা ৬ টায় আগুন লাগে। এর মধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
এ সময় পাশের আরও চারটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের ভাষ্যমতে আগুনে মালামালসহ দোকানগুলো পুড়ে গিয়ে ৩০ থেকে লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আলীনূর মিয়া বলেন, ডিজেলের ড্রাম থেকে আগুনের সূত্রপাত। ক্ষতির পরিমাণ ৩০ থেকে ৪০ লাখ টাকার।
মোহনগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, আমাদের ৩টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। পাঁচটি দোকান আগুনে পুড়ে গেছে। প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ভোরের আকাশ/জাআ