গাইবান্ধায় ৪৩ গ্রাম হেরোইন মামলায় আসামির যাবজ্জীবন

গাইবান্ধায় ৪৩ গ্রাম হেরোইন উদ্ধারের ঘটনায় দায়ের করা মাদক মামলায় তৌহিদ আরমান সিমান্ত (নেটা সুমন) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে গাইবান্ধার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত তৌহিদ আরমান সিমান্ত গাইবান্ধা সদর উপজেলার পশ্চিমপাড়া গোডাউন রোড এলাকার বাসিন্দা। তিনি আরফিন সুমন ওরফে নেটা সুমনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করা হয়। মামলায় ৪৩ গ্রাম অবৈধ হেরোইন উদ্ধারের কথা উল্লেখ করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ছিল ১ লাখ ২৯ হাজার টাকা।
মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ৮(গ) উপধারায় দায়ের করা হয়। মামলা নম্বর ৩১, জিআর নম্বর ৮১/২১ এবং সেশন মামলা নম্বর ৪৩৭/২১। বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
বিকেলে রায়ের বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা কোর্টের জিআরও সুব্রত রায়।
রায়ে সন্তোষ প্রকাশ করে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. মিজানুর রহমান বলেন, 'মাদকমুক্ত দেশ ও সমাজ গঠনের লক্ষ্যে আদালতের এ রায়ে তাঁরা সন্তুষ্ট। আসামিকে সর্বোচ্চ সাজা দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষ ন্যায়বিচার প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে।'
ভোরের আকাশ/ এনউব