শাস্তির দাবীতে মানববন্ধন
পীরগঞ্জে নগর মাতৃসদন স্বাস্থ্য কেন্দ্রে গর্ভের সন্তানসহ মায়ের মৃত্যু

রংপুরের পীরগঞ্জে ‘‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পে’’র আওতায় পরিচালিত নগর মাতৃসদন কেন্দ্রে সন্তান প্রসবের জন্য আসা শ্রাবনী আক্তার (১৯) নামে এক গৃহবধূ গর্ভের সন্তানসহ মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২২ আগষ্ট শনিবার দুপুরে পীরগঞ্জের ‘‘সতেচন নাগরিক সমাজ’ ব্যানারে পীরগঞ্জ প্রেসক্লাব চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওই গৃহবধূর পরিবার আত্মীয়-স্বজন, প্রতিবেশিসহ বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ গ্রহন করেন।
এতে বক্তব্য রাখেন- নিহত শ্রাবণীর প্রতিবেশী ঝুমা আক্তার, আরিফুল ইসলাম আরাফ সর্দার, সাংবাদিক আব্দুল করিম সরকার, পীরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি সাবেক কাউন্সিলর সাইফুল আজাদ মন্ডল ও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক হাবিবুর রহমান, সভাপতি মাজহারুল আলম মিলন।
মানব বন্ধনে নিহত শ্রাবণীর বাবা মতিয়ার রহমান অভিযোগ করে বলেন, মানুষ জীবন বাঁচার জন্য হাসপাতালে যায়। আমরাও পীরগঞ্জ নগর স্বাস্থ্য কেন্দ্রে মেয়েকে নিয়ে গিয়েছিলাম বাঁচার জন্য। অবহেলা ও ভুল চিকিৎসায় অকালে আমার মেয়ে ও তার পেটের বাচ্চা মারা গেল। এই দায় নেবে কে? আমি এর বিচার চাই।
অনুসন্ধানে জানাগেছে, চলতি বছরের ৩০ শে জুন প্রকল্পের মেয়াদ শেষ হলেও পীরগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম প্রামানিক ও প্রকল্প ব্যবস্থাপক রিয়াজ উদ্দীন যোগ সাজশ করে প্রকল্পটি চালিয়ে আসছিলেন।
উল্লেখ্য,পীরগঞ্জে আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিস প্রকল্পের অধিনে পরিচালিত নগর মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের অবহেলায় এক প্রসূতি মা ও তার গর্ভের সন্তানের মৃত্যুর অভিযোগ উঠে। এই ঘটনার পর নিহতের স্বজন ও স্থানীয়দের বিক্ষোভে নগর স্বাস্থ্য কেন্ত্র প্রাঙ্গণে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে পরদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহমুদুল হাসান নগর মাতৃসদন কেন্দ্রের সকল কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ ঘোষনা করেন।
ভোরের আকাশ/ এনউব