ফুলবাড়ীতে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দিনাজপুরের ফুলবাড়ীতে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর ছাত্রদল। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফুলবাড়ী বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিমতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আল আমিন সরকার পাপ্পুর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক খুরশিদ আলম মতি, যুগ্ম আহ্বায়ক দারুল ইসলাম চৌধুরী, আব্দুল মজিদ মন্ডল ও জুলফিকার আলী।
এ ছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক মন্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাঈদ সরকার, সদস্য সচিব মাহবুব আলম মিলন ও যুগ্ম আহ্বায়ক জাকিউর রহমান চঞ্চল।
সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা দেশকে ভঙ্গুর অবস্থায় রেখে পালিয়ে গেছেন। তাঁর দোসররা এখন দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন পরিকল্পনা করছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ছাত্রদল সর্বদা প্রস্তুত রয়েছে। আওয়ামী লীগ কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে ছাত্রদল তা কঠোরভাবে প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের নেতা সাব্বির হোসেন, শিপন রহমান ও শিবনগর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মানু হোসেনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ভোরের আকাশ/সু.পা