চট্টগ্রামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এনাম হোসেন (৪৯), ওরফে খোকনকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১১, নারায়ণগঞ্জের যৌথ অভিযানে ৬ জুন রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এনাম হোসেন চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় অবস্থান করছেন। তথ্য যাচাইয়ের পর যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তিনি পরিচয় গোপনের চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে আটক করতে সক্ষম হয় র্যাব।
জানা গেছে, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার মামলা নং-১৬(৮)২০১২-এর একটি হত্যা মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তারকৃত এনাম হোসেনের পিতা আক্তার উদ্দিন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার আটিপাড়া এলাকায়।
র্যাব আরও জানায়, তিনি দীর্ঘদিন আত্মগোপনে থেকে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন। আধুনিক গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।
অভিযান শেষে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/ র.ই