গাঁজাসহ বিপুল মাদক উদ্ধার
চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮৮১ : কিশোর গ্যাংয়ের আটক ৪১০

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৮৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে আরও ৪১০ জনকে।
অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (২৪ অক্টোবর) ২৪ ঘণ্টাব্যাপী পরিচালিত এসব অভিযানের তথ্য রোববার (২৫ অক্টোবর) বিকেলে জানায় চট্টগ্রাম রেঞ্জ পুলিশ।
মামলা ও পরোয়ানায় গ্রেপ্তার
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৮৮ জন, আগের মামলার আসামি ৭৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩২ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৯ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৯ জন রয়েছেন।
এ ছাড়া বিভিন্ন মামলায় জারি করা পরোয়ানার ভিত্তিতে ১২৬ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক কারবারে জড়িত ব্যক্তিরাও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পরিচালিত অভিযানে ৩৬টি মামলা করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ২০ হাজার ৪৪০টি ইয়াবা বড়ি, ৫০ কেজি ৬৭ গ্রাম গাঁজা, ২৭ লিটার ৫০০ মিলিলিটার চোলাই মদ, বিদেশি মদের ১০টি বোতল এবং স্কাফ সিরাপের ১১টি বোতল।
একই অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে মোট ৯ হাজার ৮০০ টাকা জরিমানাও আদায় করা হয়েছে।
নিষিদ্ধ সংগঠনের ৩৬ সদস্য গ্রেপ্তার
অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ৩৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা থেকে ২৪ জন, চট্টগ্রাম থেকে পাঁচজন, নোয়াখালী ও রাঙামাটি থেকে দুজন করে এবং ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও খাগড়াছড়ি থেকে একজন করে গ্রেপ্তার হয়েছেন।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪১০
অন্যদিকে, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে ৪১০ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে ২২৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৮৬ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সদস্য আটক সর্বাধিক
জেলাভিত্তিক পরিসংখ্যানে কিশোর গ্যাংবিরোধী অভিযানে সবচেয়ে বেশি আটক হয়েছে কুমিল্লায়, ১৬২ জন। এ ছাড়া চাঁদপুরে ৬৮ জন, লক্ষ্মীপুরে ৫৭ জন, নোয়াখালীতে ৪৫ জন, চট্টগ্রামে ২৫ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ জন, কক্সবাজারে ১২ জন, ফেনীতে ১২ জন, খাগড়াছড়িতে নয়জন এবং রাঙামাটিতে সাতজনকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এ ধারাবাহিক অভিযানে অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার চিত্র উঠে এসেছে।
ভোরের আকাশ/সু.পা