বগুড়ায় সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মোসলেম উদ্দিন প্রামানিক (৬২) নামে এক সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার কাজলা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে হামলার শিকার হয়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
নিহত মোসলেম উদ্দিন উপজেলার কাজলা ইউনিয়নের পাকুড়িয়া চর গ্রামের মৃত আব্দুল মান্নান প্রামানিকের ছেলে।
নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, একই গ্রামের দুদু সরকারের ছেলে নান্টু সরকারের সঙ্গে মোসলেম উদ্দিনের জমিজমা ও গোচারণভূমি বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার রাত ৮টার দিকে পাকুড়িয়া বাজার থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে নান্টু সরকারের নেতৃত্বে কয়েকজন তার পথরোধ করে লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ভাই ও কাজলা ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান আলী বলেন, তাঁর ভাই শান্ত স্বভাবের মানুষ ছিলেন। গোচারণভূমি বিক্রি নিয়ে নান্টু সরকারের লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই তাকে একা পেয়ে হামলা করা হয়েছে বলে তাঁদের অভিযোগ। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, সাবেক সেনা সদস্যের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
ভোরের আকাশ/ইউএম