ব্রাহ্মণবাড়িয়া
মসজিদের বারান্দা থেকে নবজাতক উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী সুহিলপুর জামে মসজিদের বারান্দা থেকে এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে শিশুটির আনুমানিক বয়স মাত্র কয়েকদিন হবে।
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ওই মসজিদের বারান্দায় নবজাতকটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহযোগিতায় নবজাতকটিকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে নবজাতকটি হাসপাতালের শিশু বিভাগের বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে (এসক্যানু) চিকিৎসাধীন রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. আকতার হোসাইন জানান, নবজাতকটি বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছে। তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং হাসপাতাল থেকেই প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। শিশুটিকে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটিকে মসজিদের বারান্দায় ফেলে রাখার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ভোরের আকাশ/র.ই