প্রেমিক-প্রেমিকাকে জিম্মি করে চাঁদা আদায়,আটক ৩

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক প্রেমিক যুগলকে জিম্মি করে মারধর ও বিকাশের মাধ্যমে চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার ফরাজীকান্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে আব্দুল্লাহ আল মামুন নামের এক যুবক তার প্রেমিকাকে নিয়ে ফরাজীকান্দি ওয়েশিয়া দরবার শরীফ জিয়ারত শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মেজবাহ উদ্দিন, গোলাম হাবিব সুজন, জিসান মাহমুদ, আরিফুর রহমান ও সোলেমানসহ কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে জিম্মি করে ফেলে।
পরবর্তীতে অভিযুক্তরা তাদের স্থানীয় শিকদার বাড়ির একটি ঘরে আটকে রেখে শারীরিক নির্যাতন চালায় এবং তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। নিরুপায় হয়ে ভুক্তভোগী যুবক মুঠোফোনে বিকাশের মাধ্যমে ৩১ হাজার টাকা পরিশোধ করেন। বাকি টাকার জামানত হিসেবে তার ব্যবহৃত দামি মোবাইল ফোনটি রেখে এবং প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পর ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে মতলব উত্তর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করে।
এ বিষয়ে মতলব উত্তর থানার পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারে পুলিশের জোরালো অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।
ভোরের আকাশ/ এনউব