জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম, গ্রেপ্তার দাবি

অনলাইন জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে কথা বলায় লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর আরিফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন তার পরিবারের সদস্য ও এলাকাবাসী।
রোববার (৯ আগস্ট) সকালে সদর উপজেলার মোগলহাট টেম্পুস্ট্যান্ড সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এজাহার সূত্রে জানা যায়, গত ১ আগস্ট কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে আরিফুল ইসলামের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে বলে অভিযোগ করা হয়েছে।
আহত আরিফুল ইসলামকে প্রথমে লালমনিরহাটে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হামলার নয় দিন পরও তার জ্ঞান ফেরেনি বলে জানিয়েছে পরিবার।
মানববন্ধনে বক্তারা বলেন, অনলাইন জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে কথা বলার কারণে আরিফুল ইসলামের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে বলে তারা মনে করছেন। তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একই সঙ্গে প্রকৃত অভিযুক্তদের নাম উল্লেখ করে নতুন করে মামলা গ্রহণেরও দাবি জানান বক্তারা।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় ছয়জন কথিত অনলাইন জুয়া ব্যবসায়ীসহ মোট ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে মানববন্ধনের সময় পর্যন্ত মামলায় অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব বলেন, অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/জেআ