সভাপতি ফারুক, সম্পাদক মহিবুল্লাহসহ নতুন কমিটি নির্বাচিত
ভোলায় ব্যাংকের হাট বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোলার ব্যাংকের হাট বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী কমিটির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনা করে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে ২৮০ জন ভোটারের মধ্যে ২৭৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২৭০টি ভোট বৈধ এবং ৭টি ভোট বাতিল ঘোষণা করা হয়। তিন বছর মেয়াদি কার্যকরী কমিটির বিভিন্ন পদে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে আনারস প্রতীকে মোহাম্মদ ফারুক ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আম প্রতীকের মো. নাছির উদ্দিন পান ১১৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে বল প্রতীকে মো. মহিবুল্লাহ ১৮০ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী তালা-চাবি প্রতীকের মো. ইমরান হোসেন পান ৯৭ ভোট।
সহ-সভাপতি পদে চেয়ার প্রতীকে জিয়াউর রহমান ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মই প্রতীকের জাহিদ হাসান পান ১২০ ভোট এবং ছাতা প্রতীকের মো. ইউসুফ পান ১১ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে ঈগল প্রতীকে মো. রুবেল ১৫৪ ভোট পেয়ে বিজয়ী হন। মোরগ প্রতীকের মো. শরীফ পান ১০৫ ভোট এবং হাঁস প্রতীকের মো. ফিরোজ পান ১৭ ভোট।
কোষাধ্যক্ষ পদে মোটরসাইকেল প্রতীকে খলিলুর রহমান ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘড়ি প্রতীকের মো. রাকিব হোসেন পান ১১৬ ভোট।
নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ব্যাংকের হাট বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ব্যবসায়ী ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন মো. রাইহান, আল-আমীন, হোসেন ডাক্তার ও মো. শামীম। তাদের সহযোগিতা করেন বাবুল। নির্বাচন সংশ্লিষ্টরা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে নিয়ম অনুযায়ী ব্যালট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়েছে।
নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও ভোটাররা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের বিভিন্ন সমস্যা সমাধান, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।
ভোরের আকাশ/এনএ