পত্নীতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নওগাঁর পত্নীতলা উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ তলার ছাদ থেকে পড়ে আকতারুল ইসলাম (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার নজিপুর কাঁচাবাজারের পেছনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকতারুল ইসলাম ওই নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন । কাজ করার সময় অসাবধানতাবশত তিনি ভবনের চতুর্থ তলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত আকতারুল ইসলাম পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলার দেওয়ানপুর গ্রামের আব্দুল করিমের ছেলে বলে জানা গেছে। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাঈমুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ভোরের আকাশ/সু.পা