বাউফলে সেলিমা রহমান এমপির সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা

পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এমপির সঙ্গে বাউফল উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে বাউফল উপজেলা বিএনপি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিমা রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকৌশলী আব্দুল খায়ের শোহেব বাঁশরি,পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন, বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এটিএম মিজানুর রহমান বাচ্চু, বিএনপি নেত্রী মিসেস সালমা আলম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সহিদুল আলম তালুকদারসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. তসলিম তালুকদার। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আপেল মাহমুদ ফিরোজ।
দলের ঐক্য ও তারেক রহমানের নেতৃত্বে কাজ করার আহ্বান সেলিমা রহমানের প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, তারেক রহমান প্রবাসে অবস্থান করেও দলের জন্য কাজ করেছেন। তিনি দেশের জনগণের কল্যাণে এবং বৈষম্য দূর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর উদ্যোগ ও পরিকল্পনাগুলো নেতাকর্মীদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
একা তারেক রহমানের পক্ষে সবকিছু করা সম্ভব নয়; এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। দলের দুর্দিনে যারা পাশে ছিলেন, তাদের মূল্যায়ন করতে হবে এবং দলীয় কার্যক্রমে তাদের সম্পৃক্ত রাখতে হবে।
সার ডিলার নিয়োগের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস শোয়েব বাঁশরীর প্রকৌশলী আবদুল খায়ের মোহাম্মদ শোয়েব বাঁশরী তাঁর বক্তব্যে বলেন, নেতাকর্মীদের তারেক রহমানের নেতৃত্ব অনুসরণ করে দলকে এগিয়ে নিতে হবে। তিনি দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছেন।
বাউফলে সার ডিলার হিসেবে আওয়ামী লীগের একজন নেতার দায়িত্ব পাওয়ার বিষয়ে অভিযোগ উঠেছে উল্লেখ করে তিনি বলেন, কীভাবে ওই ব্যক্তি ডিলার হয়েছেন, তা খতিয়ে দেখা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও আশ্বাস দেন তিনি।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জেলা বিএনপির সভাপতির পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, নির্বাচনে এ আসনে বিএনপি পরাজিত হয়েছে। দলের মধ্যে বিভিন্ন সমস্যা রয়েছে, তা স্বীকার করেও তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, দলের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখতে না পারলে আগামী উপজেলা ও পৌরসভা নির্বাচনে জয়লাভ করা কঠিন হবে।
কেন্দ্রীয় নেত্রীর আগমনে আনন্দিত জেলা বিএনপি পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন বলেন, নেতাকর্মীরা কষ্ট করে সভায় উপস্থিত হয়েছেন, এ জন্য তিনি তাঁদের ধন্যবাদ জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কেন্দ্রীয় পর্যায়ের একজন গুরুত্বপূর্ণ নেত্রীর বাউফলে আগমনকে তিনি আনন্দের বিষয় হিসেবে উল্লেখ করেন।
সভায় বাউফল উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দলের সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা হয়।
সভাকে ঘিরে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ভোরের আকাশ/ এনউব