ডিমলায় সাঁকো ভেঙে নদীতে পড়লেন জামায়াতের নেতাকর্মীরা

নীলফামারীর ডিমলা উপজেলায় কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে সেটি ভেঙে নদীতে পড়ে জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মী আহত হয়েছেন। তবে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার।
বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নাউতারা নদীর ওপর দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী সেতু না থাকায় ওই এলাকার মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায় স্থানীয়রা নিজেদের অর্থায়নে নদীর ওপর একটি কাঠের সাঁকো নির্মাণ করেন।
বুধবার সকালে সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সাঁকোটি পরিদর্শনে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ সদস্যসহ নেতাকর্মীরা সাঁকোর ওপর ওঠার পর একসঙ্গে অনেক মানুষের ভারে হঠাৎ এর একটি অংশ ভেঙে পড়ে। এতে কয়েকজন নদীতে পড়ে যান। তাদের মধ্যে তিনজন আহত হন।
তবে সংসদ সদস্য যে অংশে দাঁড়িয়ে ছিলেন, সেটি ভেঙে না পড়ায় তিনি অক্ষত থাকেন।
স্থানীয় বাসিন্দা আজিমুল ইসলাম বলেন, সংসদ সদস্য এলাকার কাঠের সাঁকোটি পরিদর্শনে এসেছিলেন। লোকজন বেশি হওয়ায় হঠাৎ সাঁকোর একটি অংশ ভেঙে কয়েকজন নিচে পড়ে যান। তবে সংসদ সদস্য যে অংশে দাঁড়িয়েছিলেন, সেটি ভাঙেনি।
ঘটনার বিষয়ে সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার বলেন, এলাকাবাসী নিজেদের অর্থায়নে কাঠের সাঁকোটি নির্মাণ করেছেন। তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেটি পরিদর্শনে গিয়েছিলেন। সাঁকোটি ঝুঁকিপূর্ণ হওয়ায় তারা ওঠার পর পেছনের অংশ ভেঙে পড়ে। এতে কয়েকজন পড়ে গিয়ে তিনজন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, নাউতারা নদীর ওপর সরকারি অর্থায়নে একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
স্থানীয়দের দাবি, নাউতারা নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ থেকে এলাকাবাসী মুক্তি পাবেন।
ভোরের আকাশ/জেআ