হাজীগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে মাঠে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পর বিষাক্ত সাপের কামড়ে মো. আব্দুল হান্নান মিজি (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মিজি বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হান্নান মিজি ওই বাড়ির আবুল কালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিলের মাঝে কাজ করার সময় বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। তবে শুরুতে তিনি বিষয়টি বুঝতে পারেননি বা ব্যথাও তেমন অনুভব করেননি। মাঠের কাজ শেষ বাড়ি এসে খাওয়া-দাওয়ার পর তিনি বিশ্রাম নিচ্ছিলেন। তখন তার তীব্র ব্যথা ও বমি শুরু হয়।
অবস্থা গুরুতর দেখে পরিবারের লোকজন দ্রুত তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই হান্নান মিজি নামের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
ভোরের আকাশ/সু.পা