নওগাঁর বদলগাছীতে ছুরিকাঘাতে আহত নারীর মৃত্যু

নওগাঁর বদলগাছী উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত রেবা বেগম (৩০) নামে এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের পারআধাইপুর গ্রামে রেবা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেন।
স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা রেবা বেগমের গলা ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রেবা বেগম ধামইরহাট উপজেলার ইশেবপুর ইউনিয়নের ঘোরকিন গ্রামের মৃত তারা উদ্দিনের মেয়ে এবং মো. শফিকুল ইসলামের স্ত্রী।
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. আবু জার গাফফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্নের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশি নজরদারি অব্যাহত আছে।
ভোরের আকাশ/জেআ