পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের জেরে সাবেক এমপির বাড়িতে আগুন

নেত্রকোনার পূর্বধলায় যুবদল নেতা আবু বকর রানাকে কুপিয়ে জখম করার ঘটনার জেরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর আগে হামলায় অভিযুক্ত এক যুবলীগ নেতার বাড়িতেও আগুন দেওয়া হয়। শনিবার রাত ৮টা থেকে ১১টার মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্বধলার বড়রুহী গ্রামে শনিবার রাত ৮টার দিকে যুবলীগ নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি পুটিকা বাজার এলাকায় যুবদল নেতা আবু বকর রানার ওপর হামলা চালায়। তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এর কিছুক্ষণের মধ্যে বিক্ষুব্ধ লোকজন বড়রুহী গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে আগুন দেয়। এর প্রায় আধা ঘণ্টা পর উপজেলার বিশকাকুনি গ্রামের সাবেক এমপি, নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় আওয়ামী লীগের কারাবন্দি নেতা আহমদ হোসেনের গ্রামের বাড়িতেও আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা। আগুনে অন্তত পাঁচটি ঘর পুড়ে গেছে।
আহমদ হোসেনের ভাতিজা মিজানুর রহমান মোবাইল ফোনে এ প্রতিনিধিকে বলেন, বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী অতর্কিতে তাদের বাড়িতে এসে আগুন লাগিয়ে দেয়।
পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার বলেন, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঘটনা সম্পর্কে অবগত হলেও অগ্নিসংযোগে কারা জড়িত, তা জানেন না। দলের নেতাকর্মীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, রাত ৮টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। পুলিশের টহল দেখে পুটিকা বাজার এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় তারা যুবদল নেতা রানাকে একা পেয়ে কুপিয়ে জখম করেন। পরে হামলার ঘটনার জেরে উত্তেজিত জনতা সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের বাড়িতে আগুন দেয়। এতে পাঁচ থেকে ছয়টি ঘর পুড়ে গেছে।
ভোরের আকাশ/এফএ