খুলনায় ছাত্রলীগ নেতা দীপ পান্ডেকে আটক করে পুলিশে সোপর্দ

খুলনা মহানগরীর ডাকবাংলা এলাকার সিমেট্রি রোডে সাহেবের কবরখানার সামনে থেকে দীপ পান্ডে নামে এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা। দীপ পান্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা এবং খুলনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুনুর রশিদের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে পরিচিত। পরে তাঁকে খুলনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১০ নভেম্বর রাতে নগরীর ফরাজিপাড়া এলাকা থেকে খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) দীপ পান্ডেকে গ্রেফতার করেছিল। সে সময় পুলিশ জানিয়েছিল, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দীপ পান্ডের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে। সম্প্রতি এলাকার একটি চায়ের দোকানে বসে রাজনৈতিক আলোচনা করছিলেন তিনি। এ সময় দোকানদার তাঁকে রাজনৈতিক আলোচনা বন্ধ করে দোকানের বকেয়া বিল পরিশোধের কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে দীপ পান্ডে দোকানদার ও তাঁর ছেলেকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে বিএনপি'র নেতাকর্মীদের অভিযোগ, ওই চায়ের দোকানে বসে দীপ পান্ডে নাশকতার পরিকল্পনা করছিলেন। পাশাপাশি আগামী ১৬ ডিসেম্বর একজন রাজনৈতিক নেত্রীর আগমন নিয়েও কথাবার্তা বলছিলেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, দীপ পান্ডের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের অপকর্ম, মাদক সেবন এবং নারীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে চার থেকে পাঁচটির বেশি মামলা রয়েছে বলেও স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে। তবে মামলাগুলোর সুনির্দিষ্ট সংখ্যা ও বর্তমান অবস্থা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আটকের পর তাঁকে খুলনা সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা নতুন অভিযোগ, পূর্ববর্তী মামলার তথ্য এবং পুলিশের পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ভোরের আকাশ/সু.পা