মুন্সীগঞ্জ ১ আসন
এমপি আব্দুল্লাহর মানবিক উদ্যোগ

সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘব এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন মুন্সীগঞ্জ ১ আসনের (সিরাজদীখান- শ্রীনগর) এমপি শেখ মো.আব্দুল্লাহ।
প্রতি শুক্রবার ও শনিবার এলাকার ভুক্তভোগী মানুষের অভিযোগ শুনছেন এমপি শেখ মো.আব্দুল্লাহ। নির্ধারিত এই দু’দিনে তিনি সিরাজদীখানের নিমতলা তার কার্যালয়ে সাধারণ মানুষের জন্য সময় বরাদ্দ রাখেন ও সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই কার্যক্রমে বিভিন্ন সমস্যায় ভুক্তভোগী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন।
জমি সংক্রান্ত বিরোধ, মাদক সমস্যা, পারিবারিক কলহ, রাস্তা-ঘাটের অব্যবস্থা, সামাজিক নিরাপত্তা-বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে ভিড় করেন স্থানীয়রা। এমপি মনোযোগ সহকারে সবার কথা শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এই কার্যক্রমে উপস্থিত অনেকেই সন্তোষ প্রকাশ করে বলেন, আগে আমাদের কথা শোনার মতো কেউ ছিল না। এখন সরাসরি এসে এমপি মহোদয়ের কাছে সমস্যার কথা বলতে পারছি এবং দ্রুত সমাধানও পাচ্ছি। এতে আমাদের ভোগান্তি অনেকটাই কমেছে।
আলী আজগর এন্ড আব্দুল্লা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বিশুদ্ধানন্দ চক্রবর্তী বলেন, এমপি মহোদয়ের এটা একটা ভালো উদ্দ্যোগ । এ ধরনের উদ্যোগ জনগণের সঙ্গে জনপ্রতিনিধির সম্পর্ক আরও দৃঢ় করবে এবং প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিতভাবে এ কার্যক্রম চালু থাকলে সাধারণ মানুষের আস্থা যেমন বাড়বে, তেমনি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায়ও ইতিবাচক পরিবর্তন আসবে।
বাসাইল ইউনিয়নের মজিবুর রহমান নামে এক ভুক্তভোগী বলেন, প্রতিটি অভিযোগ ধৈর্য সহকারে শুনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করছেন, আর যেগুলো তাৎক্ষণিকভাবে সম্ভব নয় সেগুলো সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেন।আমি আমার জমি নিয়ে সমস্যায় পড়েছিলাম, এমপির কাছে এসে সমাধান পেয়েছি।
এ সময় মুন্সীগঞ্জ ১ আসনের (সিরাজদীখান -শ্রীনগর) এমপি শেখ মো.আব্দুল্লাহ বলেন, “দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ তাদের কথা প্রকাশের সুযোগ পাচ্ছিলেন না। মানুষের কষ্ট বোঝা এবং তাদের পাশে দাঁড়ানোই আমার মূল দায়িত্ব। তারা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যতদিন দায়িত্বে আছি, ততদিন মানুষের পাশে থাকবো।”
ভোরের আকাশ/ র.ই