ফতুল্লায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন দেওভোগ হাশেমবাগ এলাকায় ফতুল্লা মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৭ মে) ভোর ৫টা ৫ মিনিটে ফতুল্লা মডেল থানার একটি চৌকস অভিযানিক দল পশ্চিম দেওভোগের হাশেমবাগ তসলিমপট্টি এলাকায় জনৈক গিয়াস উদ্দিন উকিলের বাড়ি সংলগ্ন একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন রনি (৪০)। তিনি ফতুল্লার কাশিপুর এলাকার কালু মিয়ার ছেলে। পুলিশ জানায়, রনি ফতুল্লা মডেল থানার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।
অভিযানকালে তার হেফাজত থেকে ১৫টি সাদা স্টিলের তৈরি তলোয়ার, ৪টি কাঠের তলোয়ার, একটি চাকু, একটি স্টিলের এসএস তৈরি কুড়াল এবং একটি এসএস পাইপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো জব্দ তালিকামূলে জব্দ করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেলের হাসিনুজ্জামান এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম-এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আসামি ও পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেলের হাসিনুজ্জামান জানান, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে সন্ত্রাসী কার্যক্রম ও মাদকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ র.ই