দিনাজপুরে প্রথম সফরেই উন্নয়নের বার্তা: ডা. জাহিদ হোসেন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা অডিটোরিয়ামে আজ শনিবার দুপুর ২টায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মাননীয় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এবং দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
গত ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীক নিয়ে দিনাজপুর-৬ আসনে বিজয়ী হওয়ার পর শপথ গ্রহণ করেন তিনি। পরবর্তীতে একসাথে দুইটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তাঁর নির্বাচনী এলাকার প্রথম সরকারি সফর। স্বাভাবিকভাবেই স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে ছিল আলাদা উচ্ছ্বাস। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিম এর সভাপতিত্বে ঘোড়াঘাট, পৌর প্রসাশক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, দিনাজপুর-৬ হবে সামাজিক নিরাপত্তা ও মানবিক উন্নয়নের মডেল আসন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা—এসব কর্মসূচি যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে, সে বিষয়ে তিনি কঠোর নির্দেশনা দেন।
তিনি আরও জানান, ফ্যামেলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্য হিসেবে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোর তালিকা হালনাগাদ ও স্বচ্ছতার ভিত্তিতে সুবিধা বিতরণ নিশ্চিত করা হবে। কেউ যেন রাজনৈতিক পরিচয় বা প্রভাব খাটিয়ে সুবিধা নিতে না পারে—সে বিষয়ে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেন তিনি।
ভোরের আকাশ/এসএইচ