সুন্দরগঞ্জে দুর্গোৎসবে মেম্বার প্রার্থী আবু তালেবের অর্থসহায়তা

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা গ্রামের তিনটি সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ও সাবেক দুবাই প্রবাসী মো. আবু তালেব। এ সময় তিনি মন্দির তিনটিতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
সোমবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা বামনপাড়া সার্বজনীন দুর্গামন্দির, মধ্য দেওডোবা সার্বজনীন দুর্গামন্দির ও দেওডোবা কামারপট্টি সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন।
এসময় মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য ও এলাকার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
মতবিনিময়কালে আবু তালেব বলেন, এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি। নির্বাচিত হলে রাস্তাঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন, সাধারণ মানুষের সমস্যা সমাধান এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করবেন। পাশাপাশি সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দেবেন।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে স্থানীয় মানুষের পরামর্শ ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সবার মতামতকে গুরুত্ব দিয়ে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী ওয়ার্ড গড়ে তুলতে চান তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে সাবেক দুবাই প্রবাসী আবু তালেব এলাকার মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
ভোরের আকাশ/সু.পা