গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত ২

গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক কৃষকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া বাসস্ট্যান্ডে ও ভেন্নাবাড়ি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
রোববার (১৮ অক্টোবর) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. সিরাজুল ইসলাম সরদার।
নিহতরা হলেন-গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের কৃষ্ণ বিশ্বাস (৫৫) ও একই উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের সুরেন্দ্রনাথ মিস্ত্রীর ছেলে দুলাল মিস্ত্রী (৬৫)।
গোপালগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সিরাজুল ইসলাম সরদার জানান, রাতে করপাড়া বাসস্ট্যান্ডে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন কৃষ্ণ বিশ্বাস। এসময় দ্রুতগামী একটি মোটর সাইকেল ধাক্কা দিলে মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার খুলনায় নেয়ার পথে তিনি মারা যান।
অপরদিকে, ভেন্নাবাড়ি এলাকায় একই সড়ক পার হতে গেলে একটি অজ্ঞাত গাড়ি দুলাল মিস্ত্রীকে ধাক্কা দিলে মারাত্মক আহত হন। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।
ভোরের আকাশ/সু.পা