সিদ্ধিরগঞ্জে দিনে দুপুরে ৬ লক্ষ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের গতিরোধ করে মো. হাবিবুল্লাহ (৩১) নামের এক ব্যবসায়ীর কাছ থেকে প্রকাশ্যে ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রোববার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ছালু হাজী রোডের মাথায় এ ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় ব্যবসায়ী হাবিবুল্লাহ চিটাগাং রোডের দশতলা এলাকার ব্র্যাক ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে মোটরসাইকেলে করে মিজমিজি দক্ষিণপাড়ার বাসায় ফিরছিলেন। মৌচাক ছালু হাজী রোডের মাথায় পৌঁছালে একটি সাদা রঙের প্রাইভেটকার তাঁর পথরোধ করে।
এ সময় প্রাইভেটকারের জানালা দিয়ে হাত বাড়িয়ে ছিনতাইকারীরা হাবিবুল্লাহর টাকার ব্যাগ টান দিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে তিনি মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীদের গাড়ির পিছু নেন।
মহাসড়কের মাদানীনগর মাদ্রাসার সামনে পৌঁছালে ছিনতাইকারীদের প্রাইভেটকারটি হাবিবুল্লাহর মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে আহত হন। পরে ছিনতাইকারীরা কাঁচপুর ব্রিজের দিকে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী হাবিবুল্লাহ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চালানো হচ্ছে।
ভোরের আকাশ/জেআ