নওগাঁয় নিখোঁজের কয়েক ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁর বদলগাছী উপজেলায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর জুয়েল হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের আরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি কাঁচা রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত জুয়েল হোসেন আরচা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জুয়েল হোসেন বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। রাতে একই গ্রামের সাদেক আলী (৬৫) আরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে একজনকে পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে জুয়েলকে মৃত অবস্থায় দেখতে পান।
পরে খবর পেয়ে বদলগাছী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিবারের সদস্যরা মরদেহটি জুয়েল হোসেনের বলে শনাক্ত করেন।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে শেয়ালের ভয়ে দৌড় দেওয়ার সময় হেলে থাকা একটি বাঁশের সঙ্গে জুয়েলের মাথায় আঘাত লাগতে পারে। এতে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। পরে শেয়াল মরদেহটি টানাহেঁচড়া করে থাকতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ময়নাত দন্তের জন্য মরদেহ নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ভোরের আকাশ/ এনউব