শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না হবিগঞ্জের যেসব এলাকায়

সড়ক ও জনপথ বিভাগের ফ্লাইওভার নির্মাণকাজের জন্য বিদ্যুৎ লাইন স্থানান্তর ও নতুন লাইন নির্মাণের কারণে হবিগঞ্জের মাধবপুরসহ বেশ কিছু এলাকায় শনিবার (৩ অক্টোবর) ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওই দিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট ফিডারগুলোতে এই শাটডাউন কার্যকর থাকবে।
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির গত ২৮ সেপ্টেম্বরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ফ্লাইওভার নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ লাইন অপসারণ এবং নতুন লাইন নির্মাণের কাজ করা হবে। এ কারণে মাধবপুর-২, মাধবপুর-৩, প্রাণ যমুনা-২, যমুনা, শায়েস্তাগঞ্জ, লাখাই এবং ১ ও ২ নম্বর ফিডারসহ সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে মাধবপুর-২ উপকেন্দ্রের ১এ ফিডারটি সচল রাখতে রোড ক্রসিং করে নতুন লাইন নির্মাণের কাজও এই সময়ে চলবে।
পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, শাটডাউনের সময় সমিতির আওতাধীন এলাকায় আনুমানিক ৮৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে গ্রাহকদের দুর্ভোগ কমাতে প্রাণ যমুনা-২ ফিডারের প্রায় ১০ মেগাওয়াট লোড অন্য ফিডারে স্থানান্তর করে বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।
ভোরের আকাশ/ এনউব