চিতলমারীতে দুষ্কৃতকারীর হামলায় ৩ পুলিশ সদস্য আহত

বাগেরহাটে দায়িত্ব পালনের সময় চিতলমারী বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সঞ্জয় মন্ডল, এ এস আই আক্তার হোসেন ও এ এস আই বশির আহমেদের উপর হামলা করেছে দুষ্কৃতকারীরা।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টায় সময় বড়বাড়িয়া হাড়িয়ার ঘোপ আমোদিনীর বাড়ির সামনে রাস্তায় এ হামলার ঘটনা ঘটে। আহত ২ পুলিশ কর্মকর্তা চিতলমারী হাসপাতালে ভর্তি রয়েছে। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার হামলাকারী সাথে জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ।
আহত পুলিশ কর্মকর্তা সঞ্জয় মন্ডল বলেন, রবিবার সন্ধ্যায় হাড়িয়ার ঘোপ আমোদিনীর বাড়ি সামনে রাস্তার উপর আনসার সদস্য আল আমিনকে সন্ত্রাসী হাফিজ শিকদার মারপিট করে। খবর পেয়ে বিষয়টি ওসি স্যারকে অবহিত করলে সেখানে ওসি স্যার নিজে ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়।
এ সময় দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এরপর রাত সাড়ে ১২টায় দিকে দুষ্কৃতকারী হাফিজ শিকদার ও তার লোকজন পুনরায় এসে আবারও সন্ত্রাসী কার্যক্রম চালায়।খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হলে আমাদের উপর হামলা করে। হামলায় আমিসহ দুই কর্মকর্তা আহত হয়।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি)এসএম শাহাদাৎ হোসেন বলেন, দায়িত্ব পালন কালে পুলিশের উপর হামলার ঘটনা মামলা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে।
ভোরের আকাশ/মো.আ.