মাধবপুরে মাটির নিচে গ্যাসের খোঁজ: বাপেক্সের ত্রিমাত্রিক জরিপ শুরু

হবিগঞ্জের মাধবপুরে নতুন গ্যাসক্ষেত্রের সম্ভাবনা যাচাইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ত্রিমাত্রিক (৩-ডি) সাইসমিক জরিপের কাজ। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে বাপেক্সের কারিগরি কর্মকর্তারা এই বৈজ্ঞানিক অনুসন্ধান কার্যক্রম শুরু করেন। এর আগে প্রায় এক সপ্তাহ ধরে স্থানীয় বিভিন্ন মাঠে ভূগর্ভের তথ্য সংগ্রহের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়।
বাপেক্সের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নাসিম উদ্দিন জানান, মাটির নিচের বিভিন্ন স্তর থেকে নিখুঁত তথ্য সংগ্রহের জন্য বর্তমানে জরিপের অংশ হিসেবে এক্সপ্লোসিভ (বিস্ফোরক) স্থাপনের কাজ চলছে। এই বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে মূলত মাটির গভীরের প্রকৃত চিত্র বোঝার চেষ্টা করা হচ্ছে।
প্রকল্পের সময়সীমা ও কাজের প্রক্রিয়া নিয়ে বাপেক্সের সহকারী ব্যবস্থাপক মো. মোত্তালেব হোসেন পলাশ বলেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে শুরু হওয়া এই অনুসন্ধান কার্যক্রমটি চলবে ২০২৭ সালের জুন পর্যন্ত। ৩-ডি সাইসমিক জরিপ হলো গ্যাস অনুসন্ধানের একেবারে প্রাথমিক ধাপ। প্রথম পর্যায়ে আমরা ভূগর্ভের বিভিন্ন স্তরের তথ্য সংগ্রহ করছি। পরবর্তীতে আমাদের বিশেষজ্ঞ দল এই ডেটাগুলো নিবিড়ভাবে বিশ্লেষণ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করবেন। সব তথ্য পর্যালোচনার পরেই সুনির্দিষ্টভাবে বলা সম্ভব হবে ঠিক কোথায় গ্যাস রয়েছে।
অত্যন্ত সংবেদনশীল এই জরিপ কাজে অত্যাধুনিক সার্ভে ও খননযন্ত্র, বিশেষ কেবল, জিওফোন ও রেকর্ডিং যন্ত্র ব্যবহার করা হচ্ছে। সেই সাথে ভূগর্ভে কম্পন সৃষ্টির জন্য নিয়মতান্ত্রিক ও অনুমোদিত উপায়ে এক্সপ্লোসিভ ও ডেটোনেটর ব্যবহার করা হচ্ছে।
বাপেক্স জানিয়েছে, মাঠপর্যায়ের এই বিশাল কর্মযজ্ঞ সময়মতো শেষ করতে স্থানীয়ভাবে অস্থায়ী ভিত্তিতে কিছু লোকবলও নিয়োগ দেওয়া হয়েছে, যারা বর্তমানে কারিগরি দলের সাথে সরাসরি মাঠে কাজ করছেন।
ভোরের আকাশ/ এনউব