বরিশালে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের কারিগরি ও আর্থিক সহযোগিতায় এবং স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের আওতায় রবিবার বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অর্ধ-বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপ-পরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার বরিশাল জনাব লুসিকান্ত হাজং। সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, ৮৮টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
সভাপতি তার বক্তব্যে বলেন, “গ্রাম আদালত প্রান্তিক জনগোষ্ঠীর দ্রুত ও স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” তিনি আরও উল্লেখ করেন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ গ্রাম আদালতের পেশকার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তাদের দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমেই আদালতের কার্যক্রম আরও কার্যকর হবে।
সভায় বরিশাল জেলার ৮৮টি ইউনিয়নের গ্রাম আদালত বিষয়ক অর্ধ-বার্ষিক অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক কমল ব্যানার্জী। সভায় স্থানীয় সরকার শাখার কর্মকর্তা এবং প্রকল্পের উপজেলা সমন্বয়কারীগণও উপস্থিত ছিলেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতকে আরও কার্যকর ও টেকসই করার লক্ষ্যে আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।
ভোরের আকাশ/জাআ