জিয়াউর রহমান গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ করতে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন: ত্রাণমন্ত্রী

বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করা এবং কৃষি ব্যবস্থার সার্বিক উন্নয়নে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন বলে জানিয়েছেন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় লালমনিরহাটের মহেন্দ্রনগর এলাকায় একটি খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, "দীর্ঘদিনের অপশাসন ও দুর্ব্যবস্থাপনার কারণে অতীতে খাল খনন কার্যক্রম বন্ধ হয়ে যায়। একইসঙ্গে সরকারি খাল ও জমি অবৈধ দখলের শিকার হওয়ায় অনেক সম্পত্তি বেহাত হয়েছে। এসব বেদখল হওয়া সরকারি সম্পত্তি উদ্ধার করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য ও কাজ।"
কৃষিখাতে খাল খননের সুফলের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, খাল পুনঃখনন ও সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হলে বর্ষা মৌসুমের পাশাপাশি শুষ্ক মৌসুমেও কৃষকরা প্রয়োজনীয় সেচের পানি পাবেন। এর ফলে কৃষি উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে।
মহেন্দ্রনগর এলাকায় খাল পরিদর্শনকালে ত্রাণমন্ত্রীর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম. মমিনুল হকসহ স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ভোরের আকাশ/সু.পা